কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার

  • প্রকাশের তারিখ : 12-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে সুরুজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন। 
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সুরুজ মিয়া তিন ছেলের বাবা। সুরুজ মিয়া তার জীবদ্দশায় তিন ছেলেকে আলাদা করে জমিজমা ও সম্পত্তি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল বাবার (সুরুজ মিয়ার) হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 

সোমবার বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

ওসি হাসান জামিল খান বলেন, গরু এবং টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে হত্যা করেন তার ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ