কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ : 31-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে এ হামলার ঘটনা ঘটে।ঘটনার সাথে জড়িত বাহাদুর হোসেন বাদল নামের উনিশ বছর বয়সী এক যুবককে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বাহাদুর হোসেন বাদল থানার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম তিনি ওই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।থানা সূত্রে জানা গেছে বাদল প্রায় নিয়মিতই তার গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত।

গরুগুলো থানার বিভিন্ন ফুল ও ফলের গাছ নষ্ট করায় পুলিশ তাকে একাধিকবার নিষেধ করে।কিন্তু নিষেধাজ্ঞা না মেনে মঙ্গলবার দুপুরেও সে একাধিক গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে এবং গরু চরাতে থাকে।বিকেলের দিকে বাদল গরু নিয়ে থানার মূল গেট দিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল ইসলাম তাকে পুনরায় নিষেধ করে এবং ভবিষ্যতে যেন গরু নিয়ে থানায় ঢুকতে না বলে সতর্ক করেন।এতে বাদল চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার হাতে থাকা ধারালো দা দিয়ে হঠাৎই শরিফুল ইসলামের ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

একপর্যায়ে দা’র একটি কোপ সরাসরি শরিফুল ইসলামের মাথায় লাগলে তিনি গুরুতর জখম হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।এসময় সেখানে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে বাদলকে ধাওয়া করে আটক করেন এবং আহত কনস্টেবলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলামের মাথায় সেলাই দিতে হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত গুলজার আলম জানিয়েছেন বাদলকে গত কয়েক বছর ধরেই গরু নিয়ে থানার ভেতরে প্রবেশে নিষেধ করা হচ্ছিল কিন্তু সে বিষয়টি কখনোই গুরুত্ব দিত না।

আজকের ঘটনাতেও সতর্ক করা হলে কথা কাটাকাটির একপর্যায়ে সে হঠাৎ দা দিয়ে পুলিশ সদস্যের ওপর হামলা চালায়।এ ঘটনায় থানায় নিয়মিত ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার ৩১ ডিসেম্বর দুপুরে গ্রেপ্তারকৃত বাদলকে আদালতে সোপর্দ করা হবে।তিনি আরও জানান থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষও থানায় এক যুবকের এমন বেপরোয়া হামলায় বিস্মিত।একই সঙ্গে আহত পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মীসহ স্থানীয়রা দোয়া করছেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কর্তব্যরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সদস্য আহত হওয়া অত্যন্ত দুঃখজনক এবং হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ