কুমিল্লা | বঙ্গাব্দ

বরুড়ায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের তারিখ : 5-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বরুড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত । বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং বিশ্বের ১৩০ কোটি প্রতিবন্ধীর প্রতিনিধিত্বকারী সংগঠন Disabled Peoples’ International (DPI)-এর সভাপতি জনাব আবদুস সাত্তার দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাফিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রনি, বাঁচার ঠিকানা সংগঠনের চেয়ারম্যান স্বপন মজুমদার, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আতিকুল ইসলাম, বরুড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রাসেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভূঁইয়া।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রবেশগম্য পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং মানবিক দৃষ্টিভঙ্গির বিকাশ এখন সময়ের দাবি। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগই পারে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে।

আলোচনায় আরও উল্লেখ করা হয়, আবদুস সাত্তার দুলাল শুধুই দেশের নয়—বিশ্বব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের এক অনুপ্রেরণাদায়ী নেতা। তিনি জাতীয় পর্যায়ে ন্যাডপোসহ একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের ডিজেবিলিটি রাইটস চ্যাম্পিয়নসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা অংশ নেন। প্রতিবন্ধী ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ