মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশ ও আইন লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী ভ্রাম্যমান আদালত several জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
অভিযান সূত্রে জানা গেছে, দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে রাস্তার পাশে বসতবাড়ির কাছাকাছি তিনটি পোল্ট্রি ফার্মে অপরিচ্ছন্ন পরিবেশে কার্যক্রম চালানো হচ্ছিল। ফার্মগুলোর নিবন্ধন না থাকায় এবং স্থানীয়দের বসবাসে বিঘ্ন সৃষ্টি করার কারণে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন-২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়।
সেইসাথে বেজুরা চৌমুহনী এলাকায় ‘পিপল সুইটস অ্যান্ড বেকারি’-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তিনজন মোটরসাইকেল আরোহীকে মোট ১,২০০ টাকা জরিমানা করা হয়।
বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান সদর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইনে এক মুদি দোকানীকে ৫০০ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরেক দোকানীকে ১,০০০ টাকা, এবং যানজট সৃষ্টি ও হেলমেটবিহীন যান চালানোর দায়ে দুই মোটরসাইকেল ও দুই সিএনজি চালককে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ইউএনও মাহমুদা জাহানের সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি টিম। অভিযানের পাশাপাশি বেজুরা এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করা হয়। প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা গেজেট. কম