মো. সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবরের দূরদর্শিতা ও উদ্যোগে তিন চোরকে স্বর্ণ ও চুরির সরঞ্জামসহ আটক করা হয়েছে।
চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর দীর্ঘদিন ধরে প্রতিটি ওয়ার্ডে মাদক ও চুরি রোধে সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজন করে আসছেন। এসব অপরাধ দমনে তিনি স্থানীয়ভাবে প্রতিটি ওয়ার্ডে নজরদারি কমিটিও গঠন করেছেন।
গত ২০ অক্টোবর সোমবার মধ্য বেড়াখলা গ্রামে একটি চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৫ অক্টোবর) রাতে পূর্ব পোমকাড়া গ্রামে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালানো হয়।
অভিযানে চোর চক্রের তিন সদস্যকে স্বর্ণ ও চুরির সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়।
রবিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন— পূর্ব পোমকাড়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে জমির হোসেন (৩৫), মৃত মোনাফ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩০) এবং মৃত আব্দুল আলীমের ছেলে আরিফুল ইসলাম আওলাদ (২৫)।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর বলেন, “মাদক ও চুরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। হয় এলাকায় মাদক ও চোর থাকবে, নয় আমি থাকব। মাদক ও চুরির বিরুদ্ধে কোনো আপোষ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
কুমিল্লা গেজেট. কম