মো. সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের সুলতান মার্কেট প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুন সুর, এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে একই স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টায় বড়ধুশিয়া গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লা গেজেট. কম