মো. সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
“তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন” প্রতিপাদ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুষ্ঠিত হয়েছে নারী সমাবেশ। বুধবার (২২ অক্টোবর) উপজেলার বড়ধুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সমাবেশে তথ্য অধিকার আইন, মাদক, বাল্যবিবাহ, গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ নানা সামাজিক বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. নূরুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও মুহাম্মদ মিজানুর রহমান, এবং বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি। প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করা গেলে নারীরা দ্রুত স্বনির্ভর হতে পারবেন।”
তিনি আরও বলেন, “নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য চাকরিক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, যেন তারা কিশোর গ্যাং, মাদক বা সন্ত্রাসের মতো অপরাধে না জড়ায়।”
সমাবেশে উপস্থিতদের মধ্যে স্থানীয় নারী সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শেষে তথ্যচিত্র প্রদর্শন ও টাইফয়েড টিকা গ্রহণে সচেতনতামূলক আহ্বান জানানো হয়।
কুমিল্লা গেজেট. কম