মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।
টাইফয়েড প্রতিরোধে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা প্রদান করা হচ্ছে। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুলে এই টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, “টিকা প্রদান কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ লক্ষ্য করা গেছে। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও জানান, প্রতি বছর দেশে প্রায় পাঁচ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু। গবেষকদের মতে, টিকা প্রয়োগের ফলে এই সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ডা. আফতাব বলেন, “বুড়িচং উপজেলায় টিকা কার্যক্রমে এখন পর্যন্ত কোনো সমস্যা বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, এই টিকা প্রয়োগের মাধ্যমে শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
কুমিল্লা গেজেট. কম