কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায় মূলহোতা সিফাত-আবরারসহ ১৭ জন গ্রেফতার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায় মূলহোতা সিফাত-আবরার...
0:00
0:00

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনায় মূলহোতা সিফাত-আবরারসহ ১৭ জন গ্রেফতার

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মূলহোতা সিফাত ও আবরারসহ ১৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি থানার পুলিশ ও র‌্যাব। রবিবার ও সোমবার পৃথক অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ও বুড়িচং উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কলেজে নবীন বরণ অনুষ্ঠানের সময় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে দেখা যায়। সংঘর্ষে গুরুতর আহত হন চারজন—মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, সকালে কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীন সিফাতের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত ফাহাদকে হামলা করে এবং জিসানকে হুমকি দেয়। পরে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিফাত তার বিভিন্ন কলেজের বন্ধুদের ডেকে আনে এবং পরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ হাতে রামদা নিয়ে অপর কয়েকজনকে ধাওয়া করছে, আরেকজনের হাতে পিস্তলও দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা তরুণটি সিফাত।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, “এই ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের নয়, তবে আমাদের কয়েকজন শিক্ষার্থী জড়িত বলে তথ্য পেয়েছি। আমরা তদন্ত কমিটি গঠন করছি এবং প্রশাসন ও অভিভাবকদের বিষয়টি জানিয়েছি।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ঘটনার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অভিযান শুরু করা হয়। ডিবি ও কোতোয়ালি থানার যৌথ অভিযানে ১৫ জন এবং র‌্যাবের পৃথক অভিযানে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ