মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় তেল পরিমাপে গড়মিল ধরা পড়ায় মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ মোবাইল কোর্ট।
বুধবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকায় অবস্থিত মদিনা ফিলিং স্টেশনের একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার কম তেল সরবরাহের প্রমাণ মেলে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আরও দুটি ফিলিং স্টেশন—জান্নাত ফিলিং অ্যান্ড সিএনজি সার্ভিসেস, আলেখারচর এবং নাঈমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি, আলেখারচর—এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে তেল পরিমাপ সঠিক পাওয়া যায়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় ও ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।
বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা গেজেট