কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে সোমবার (৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

গত ২২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার পাশে এনামুলের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় সাতজন কিশোর আহত হন। আহতদের মধ্যে সুজনের অবস্থা ছিল গুরুতর।

প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে দীর্ঘ চিকিৎসার পরও তাকে আর বাঁচানো যায়নি।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এলাকার তরুণ সমাজ চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

ওসি সাজেদুল ইসলাম জানান, “সুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পূর্বেই মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

মৃত সুজনের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ