নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার গুলশান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন। আজ সোমবার সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
তিনি জানান, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে রিফাত ও বাবু হত্যাসহ একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সকালে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সুমন। অনেকেই ধারণা করেছিলেন, তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন।
উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।
কুমিল্লা গেজেট