কুমিল্লা | বঙ্গাব্দ

কুমেক হাসপাতালে কেনাকাটায় অনিয়ম, অনুসন্ধান চায় দুদক

  • প্রকাশের তারিখ : 5-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য দুদক কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান।

রোববার (৫ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান ও অনুসন্ধান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে কুমেক হাসপাতালের ওষুধ কেনাকাটায় কোটি টাকার অনিয়মের খবর প্রকাশিত হলে, সেই সূত্র ধরে সকালেই দুদক কুমিল্লা কার্যালয়ের একটি দল হাসপাতালে অভিযান চালায়। এ সময় তারা হাসপাতালের মেডিসিন স্টোররুম ও পরিচালকের কার্যালয়ের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

অভিযানকালে হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজের কাছ থেকেও কেনাকাটা সংক্রান্ত তথ্য ও নথি তলব করা হয়।

দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, তিনটি ওষুধ কেনাকাটার কার্যাদেশ ও ক্রয় সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে অনিয়মের প্রমাণ মিলেছে। এজন্য কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে।

সম্প্রতি কুমেক হাসপাতালে ‘পেনথোটাল সোডিয়াম ইনজেকশন’ কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ১০১ টাকার ইনজেকশন কেনা হয়েছে ১,২৯৯ টাকায়— এমন তথ্য প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি এম এম হাসান ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

অনিয়মের ঘটনায় তাদের অপসারণের দাবি জানায় বিভিন্ন সামাজিক সংগঠন। এছাড়া, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতাদের নাম জড়িত থাকায় সংগঠনটির কুমিল্লা জেলা, মহানগর ও কুমেক শাখার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে স্থগিত করা হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ