মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. আবু তাহের (২৬)। তিনি উপজেলার হরিমঙ্গল ডাকঘর এলাকার উত্তর তেতাভূমি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ তেতাভূমি এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের কাছাকাছি প্লাস্টিকের বস্তা হাতে সন্দেহজনকভাবে হাঁটছিলেন আবু তাহের। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে।
পরে উপস্থিত লোকজনের সামনে বস্তাটি তল্লাশি করে ৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের লেবেলে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ লেখা ছিল।
বিজিবির দাবি, আটক যুবক সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প দামে মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরে নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবাহী এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত দিয়ে আসা এসব মাদক দেশের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই আমরা আটক করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
কুমিল্লা গেজেট