কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

  • প্রকাশের তারিখ : 1-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) কুমিল্লা নগরীর মহেশাঙ্গন পূজামণ্ডপ পরিদর্শন করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।

বেলা পৌনে ১২টার দিকে পূজামণ্ডপে পৌঁছে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজামণ্ডপ প্রাঙ্গণ ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব সনজিৎ দেবনাথ, যুগ্ম আহ্বায়ক রাজীব সাহা, প্রদীপসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় জিওসি সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী সর্বদা পাশে থাকবে। সমাজের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা রক্ষায় আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।”

এসময় তিনি ঈশ্বর পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য ছেলেদের ও মেয়েদের হোস্টেলে দুটি ফ্রিজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক ও কোতয়ালি থানার ওসি মহিনুল ইসলাম। সিভিল প্রশাসনের পক্ষ থেকে ছিলেন কুমিল্লা সদরের সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

জিওসির সফরে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক, ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল মেহেদী হাসান এবং ২৩ বীর-এর কমান্ডিং অফিসারসহ ইউনিট সদস্যরা।

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, জিওসির এ সফর তাদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ