কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ ১৩ জন গ্রেফতার

  • প্রকাশের তারিখ : 1-অক্টোবর-2025 ইং
কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ ১৩ জন গ্রেফতার ছবির ক্যাপশন: কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ ১৩ জন গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার শাহ আলম দুলাল (৪৮) ও তার দলের আরও ১২ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন,মনির হোসেন (৪০), শাহ আলম দুলাল (৪৮), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশারফ শরীফ (৩২), সুমন (৩৩), খোকন (৪০), আল আমিন (২৫), সোহেল (২৬), এবং নিহার বিশ্বাস (৪৮)।

তারা কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, চান্দিনা, বরুড়া, বুড়িচং, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লার লালমাই থানায় ডাকাতির ঘটনায় নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। চেকপোস্টে পৌঁছালে একটি হাইচ মাইক্রোবাসে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ১৩ জনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় একটি কালো রঙের হাইচ মাইক্রোবাস, দেশীয় অস্ত্র (কুড়াল, রামদা, চাপাতি, কাটার প্লাস, চেইন), মোবাইল ফোন ও ডাকাতির সরঞ্জাম, ডাকাতি হওয়া চার জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের আংটি, একটি রুপার নুপুর, একটি লাল রঙের বক্স, নগদ ২০ হাজার টাকা।


গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা কুমিল্লার লালমাইয়ে তিনটি, বরুড়ায় একটি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি ডাকাতির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে ডাকাত সর্দার দুলালের নামে রয়েছে ২৬টি মামলা, আর মনির হোসেনের নামে রয়েছে ২১টি মামলা।

পুলিশ সুপার নাজির আহমেদ বলেন,
“জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সহযোগিতায় খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এবং জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আবদুল্লাহসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ