কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ

  • প্রকাশের তারিখ : 23-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে জমির জাল দলিল রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে এক দলিল লেখকের বিরুদ্ধে। এ ঘটনায় দলিল লেখক মো. আবুল কালাম আজাদকে শোকজ নোটিশ দিয়েছেন উপজেলা সাব-রেজিস্টার কর্মকর্তা এ কে এম মীর হাসান। একই সঙ্গে তার দলিল লেখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জানা যায়, উপজেলার বড় হরিপুর মৌজায় একটি জমির রেজিস্ট্রির জন্য মৃত আমির হোসেনের ছেলে ও দলিল লেখক মো. আবুল কালাম আজাদ (সনদ নং ৬৬) দলিল জমা দেন। উক্ত দলিলে দাতা হিসেবে উল্লেখ ছিল নিলুফা বেগম গং এবং গ্রহীতা ছিলেন আব্দুর রহিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিলটি পর্যালোচনার সময় কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। দলিলে পূর্ববর্তী বিএস খতিয়ান, মালিকানা বা খারিজসংক্রান্ত তথ্য উল্লেখ না থাকায় বিষয়টি নিবন্ধন আইনের ধারা ৫২(ক) লঙ্ঘন হিসেবে ধরা হয়।

সাব-রেজিস্টার কর্মকর্তা এ কে এম মীর হাসান বলেন, “দলিলের ২০ নম্বর কলামে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় ও বাজারমূল্য সম্পর্কে অবগত হয়ে দলিলটি সম্পাদন করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে দলিল লেখক ইচ্ছাকৃতভাবে জাল দলিল প্রস্তুত করেছেন। এজন্য তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।”

অভিযোগকারী নিলুফা বেগম বলেন, “আমাকে অবগত না করেই দলিল লেখক ভুল তথ্য দিয়ে দলিল সম্পন্ন করার চেষ্টা করেছেন। পরে সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে বিষয়টি জানতে পারি।”

অভিযোগের তদন্ত চলাকালে মো. আবুল কালাম আজাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

তবে অভিযুক্ত দলিল লেখক আবুল কালাম আজাদ সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে দিয়ে তিনি এক সাংবাদিকের ওপর হামলা চালান।

এ বিষয়ে বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাজী সিদ্দিকুর রহমান বলেন, “পূর্বেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। আগামী সভায় বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ