কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কলা ও মানবিক অনুষদের ১২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি স্কলারশিপ ও অসচ্ছল স্টাইপেন্ড-২০২৫ প্রদান করা হয়েছে। বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে নগদ ৮ হাজার ৫শ টাকা দেওয়া হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইংরেজি বিভাগের ২০৮ নং শ্রেণিকক্ষে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। সভাপতিত্ব করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি।
সভাপতির বক্তব্যে ড. বনানী বিশ্বাস বলেন, “আগে নীতিমালা না থাকায় বৃত্তি প্রদানের ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতো। এবার উপাচার্য স্যারের উদ্যোগে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি হয়েছে। যদি এটি সিন্ডিকেটে অনুমোদিত হয়, তবে শিক্ষার্থীদের স্কলারশিপ ও শিক্ষকদের প্রণোদনায় অনুপ্রেরণা যোগাবে।”
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “আজকের এই আয়োজন ছোট হলেও তা আনন্দের। তোমরা যেন বৃত্তির টাকা অযথা খরচ না করে ভালো বই কিনতে ব্যবহার করো এবং সামান্য অংশ বাবা-মাকে উপহার দাও। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করবে।”
কুমিল্লা গেজেট