নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে করিম ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী তাছলিমা বেগম ও শ্যালক তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্ত্রী তাছলিমার পরিকল্পনায় ১৩ আগস্ট রাতে তিন ভাই ইসরাফিল, গোলাম হাক্কানী ও মোজাম্মেল হক মিলে করিমকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে শ্বশুরবাড়িতে ডেকে নেয়। পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথমে মরদেহ খালে ফেলা হলেও পরে তা ভেসে উঠলে হাত-পা বেঁধে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়।
নিখোঁজের একমাস পর ১৭ সেপ্টেম্বর রসুলপুর গ্রামের ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আমির হোসেন মামলা করলে পুলিশ স্ত্রী ও তার তিন ভাইকে গ্রেপ্তার করে। শনিবার তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, পারিবারিক কলহ ও নির্যাতনের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
কুমিল্লা গেজেট