৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৩
নেকবর হোসেন।।
কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর মেহেদি হাসান নামে এক অটোরিকশাচালককে খুন করা হয়েছে। নিখোঁজের ৩৬ দিন পর তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ থেকে কঙ্কাল উদ্ধার
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার সহযোগিতায় সিআইডি পুলিশের বিশেষ টিম নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার একটি ঝোপ থেকে মেহেদীর মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।
নিহত মেহেদী হাসান মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড় গ্রামের মৃত মোস্তফার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
নিখোঁজের পর মামলা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাতে বাঙ্গরা বাজার থেকে অটোরিকশা নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে মেহেদী নিখোঁজ হন। পরদিন তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২০ আগস্ট ওই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় অপহরণ মামলা দায়ের হয়।
আসামি গ্রেফতার ও স্বীকারোক্তি
প্রথমে আইনুল হক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে কুমিল্লার একটি গ্যারেজ থেকে মেহেদীর অটোরিকশা উদ্ধার করা হয়। এরপর আইনুলের ছেলে খাইরুল ইসলাম (২১)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তার দেখানো স্থান থেকেই উদ্ধার হয় মেহেদীর কঙ্কাল।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে খাইরুল স্বীকার করেছে অটোরিকশা ছিনতাইয়ের জন্যই মেহেদীকে হত্যা করা হয়। পরে পরিবারের সদস্যরা কাপড় দেখে নিহতকে শনাক্ত করেন।
রিমান্ড ও পরিবারে শোক
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাহিদ হাসান জানান, খাইরুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
অপরদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য মেহেদীর মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। তাঁরা দ্রুত বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
কুমিল্লা গেজেট