কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক ২০১৯–২০ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের স্মরণিকা “সমতট-১২” এর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কলেজের জিয়া অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই শিক্ষার্থীদের অভিনব উদ্যোগে অতিথি ও শিক্ষকদের ঘোড়ার গাড়িতে করে অডিটোরিয়ামে আনা হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পরে অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবদুল মজিদ এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবনিযুক্ত প্রধান প্রফেসর মোঃ শহিদ উল্লা মজুমদার।
অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিদায় মানেই শেষ নয়, এটি নতুন জীবনের সূচনা। জ্ঞান ও নৈতিকতার আলোয় সমাজে পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠতে হবে।”
প্রফেসর মো. আবদুল মজিদ বলেন, “তোমরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত হয়ে সত্যিকার সাফল্য অর্জন করবে-এই প্রত্যাশাই করি।”
সভাপতির বক্তব্যে প্রফেসর শহিদ উল্লা মজুমদার বলেন, “আজকের এই বিদায় শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি এক স্মৃতি হয়ে থাকবে। তোমাদের প্রতিটি পদক্ষেপ জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় আলোকিত হোক।”
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। সমতট-১২ স্মরণিকার মোড়ক উন্মোচনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনা করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, কলেজ ও বিভাগ তাঁদের জীবনের ভিত্তি রচনা করেছে, যা আজীবন স্মৃতিময় হয়ে থাকবে।
কুমিল্লা গেজেট