নেকবর হোসেন।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
সভায় পুলিশ সুপার পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা পূর্ববর্তী ও পূজাকালীন সময়ে করণীয়-বর্জনীয়, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুমিল্লা গেজেট