কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেডিকেল সেন্টারের সঠিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও ঔষধ সংকট রয়েছে। ফলে শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা পায় না, যা অনেক সময় বড় ধরনের ঝুঁকি তৈরি করে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা পর্যাপ্ত নয় বলে তারা দাবি করেন।
এ অবস্থায় মেডিকেল সেন্টারের জরুরি সংস্কার ও সঠিক ব্যবস্থাপনার দাবিতে শিক্ষার্থীরা ৮ দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলোর মধ্যে বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, মেডিকেলে শিক্ষার্থীরা কোন কোন সেবা ও ঔষধ পাবেন তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে মেডিকেল সেন্টারের সামনে টানিয়ে রাখা, জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য সব ধরনের ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা যেমন গাইনোকলজিকাল সাপোর্ট, পিরিয়ড কেয়ার ও প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া, মেডিকেল দপ্তরের বরাদ্দ বাড়ানো এবং প্রয়োজনে শিক্ষার্থী কল্যাণ তহবিল থেকে অর্থ ভর্তুকি দেওয়া, মেডিকেলের বরাদ্দ ও ঔষধ বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা (বরাদ্দে ১৮ ধরনের ঔষধ থাকলেও প্রায় সময় তারা মাত্র চার-পাঁচ ধরনের ঔষধ পান) এবং মেডিকেল সেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখা এবং শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে এক্স-রে সেবার ব্যবস্থা করার দাবি জানান। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এক্স-রে মেশিন স্থাপন করা বা অন্তত চুক্তিভিত্তিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে সেবা চালুর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান বিভাগের একজন নারী শিক্ষার্থী হঠাৎ সেন্সলেস হয়ে পড়েন এবং পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। কিন্তু সেন্টারে ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় তাকে শহরের কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করা হয়। এ সময় চিকিৎসারত ডাক্তার জানান, ঔষধের অপর্যাপ্ততার কারণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
কুমিল্লা গেজেট