কুমিল্লা | বঙ্গাব্দ

সুমাইয়া আফরিন হত্যাকাণ্ড: দোষীর ফাঁসির দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত বিচার এবং দোষীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা আবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এটি তৃতীয়বারের মতো আয়োজন করা হয়।

দুপুর ১টায় কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান নেয়। এরপর তারা কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন ও মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং ক্ষোভভরা স্লোগান দেন— “আমার বোন মরলো কেন? প্রশাসন জবাব চাই”, “আমার বোন ধর্ষিত কেন? প্রশাসন জবাব চাই”, “ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, “আমরা জানতে পেরেছি, সুমাইয়াকে প্রথমে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে। নৃশংস এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দোষীর ফাঁসি কার্যকর করতে হবে।”

একই বিভাগের আরেক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, “সুমাইয়া অত্যন্ত মেধাবী ছিলেন। তাঁকে ও তাঁর মাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই এবং প্রশাসনের কার্যক্রম দ্রুত করার দাবি জানাই।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ