কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় অপরাধ বৃদ্ধি, আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের হুঁশিয়ারি

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লায় জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে অপরাধজনিত মামলার সংখ্যা বেড়েছে। জেলার বিভিন্ন থানায় আগস্টে মোট ৫১৯টি মামলা দায়ের হয়েছে, যেখানে জুলাই মাসে এ সংখ্যা ছিল ৪৭৫। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।

প্রাপ্ত তথ্য অনুযায়ীঃ
ডাকাতি: জুলাই ২ → আগস্ট ৫
দস্যুতা: জুলাই ৯ → আগস্ট ১
খুন: জুলাই ১১ → আগস্ট ১০
ধর্ষণ: জুলাই ৮ → আগস্ট ১০
নারী ও শিশু নির্যাতন: জুলাই ৩২ → আগস্ট ২৮
চাঁদাবাজি: জুলাই ৩ → আগস্ট ১
আহত মামলা: জুলাই ৯২ → আগস্ট ১২৮
ছিনতাই: জুলাই ১ → আগস্ট ২
অস্ত্র উদ্ধার: জুলাই ৬ → আগস্ট ৭
চোরাচালান: জুলাই ৪ → আগস্ট ৪
মাদক মামলা: জুলাই ১৮৬ → আগস্ট ২০৫


সভায় নাগরিকরা নানা অভিযোগ ও সমস্যা তুলে ধরেন। সাংবাদিক শাহজাদা এমরান জানান, কুমিল্লা শহরে চুরি উদ্বেগজনকভাবে বেড়েছে, অথচ অধিকাংশ সিসিটিভি ক্যামেরা অকার্যকর। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি ধর্ষণের শিকার এক শিশুকে কথিত প্রভাবশালী মহল চিকিৎসার বদলে মীমাংসার নামে আটকে রেখেছিল।

এছাড়া চান্দিনা উপজেলায় সরকারি দপ্তরের সামনে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড টানানো, গোলাবাড়ি সীমান্ত এলাকায় মাদকসেবীদের অবাধ চলাচল ও বিজিবির নিষ্ক্রিয়তা, এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের দেরিতে আসা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। জানা যায়, সকাল ৮টা থেকে চিকিৎসা শুরুর নিয়ম থাকলেও প্রায় ৭০ ভাগ চিকিৎসক নিয়মিত সময়ে উপস্থিত থাকেন না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, “অপরাধ দমনে পুলিশ ও প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে।” তিনি চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর নজরদারি, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা, সীমান্ত এলাকায় মাদকসেবীদের অবাধ চলাচল বন্ধ এবং সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।

সভায় জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ