স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার বাসিন্দা সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র আবারও হত্যাচেষ্টা ও গুমের হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি একাধিক ছদ্মবেশী সন্ত্রাসী চক্র মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আগামী দুই মাসের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে তাকে হত্যা করে গুম করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুভ্র জানান, বহু বছর ধরে এই চক্রটি তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র, হামলা ও হয়রানির শিকার করছে। এ পর্যন্ত তিনি একাধিকবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ২০১৭ সালের ৩ মে করা জিডি (নম্বর-১৫৭) ছাড়াও ২০১৯, ২০২০ ও ২০২৩ সালে মামলা ও অভিযোগ দায়ের করেছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করলেও প্রতিকার পাননি।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট পেশাগত কাজে সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ ঘটনায় আদালত ও থানায় মামলা হয় এবং সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। তবুও অপরাধীরা থেমে যায়নি; বরং পুনরায় ছদ্মবেশে মোটরসাইকেল ও কালো গ্লাসওয়ালা গাড়ি নিয়ে মহড়া দিচ্ছে।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, “বিভিন্ন মোবাইল নম্বর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। শুধু চাঁদা দাবি নয়, বরং পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।”
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র চেয়ারম্যান এডভোকেট সাইদুল শাওন বলেন, “একজন সাংবাদিকের উপর ধারাবাহিক আক্রমণ ও ষড়যন্ত্র মানবাধিকার লঙ্ঘনের শামিল। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাহলে বড় ধরনের অঘটন ঘটতে পারে।”
মাসিক জাতীয় মানবাধিকার খবর সম্পাদক বলেন, শুভ্রর ওপর ধারাবাহিক সন্ত্রাসী চক্রান্ত সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করেছে। প্রয়োজনে সাংবাদিক মহল একত্রিত হয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, শুভ্র দায়ের করা অভিযোগ ও মামলা আমলে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।
সাংবাদিক শুভ্র প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত নিরাপত্তা ও ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
কুমিল্লা গেজেট