কুমিল্লা | বঙ্গাব্দ

মুরাদনগরে বহিরাগতদের হামলা, দুই শিক্ষকসহ আহত ১৫

  • প্রকাশের তারিখ : 12-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ ইব্রাহিম, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে হামলা চালিয়েছে বহিরাগত কিশোর গ্যাং। এ ঘটনায় দুই শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গ্যাং সদস্যদের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।

বুধবার সকালে ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির শিক্ষার্থী বাকি বিল্লাহর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ তোলে এক ছাত্রী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীর ভাই ইমনসহ পাঁচজন বহিরাগত বিদ্যালয়ে প্রবেশ করে। বাকি বিল্লাহকে না পেয়ে তারা তার দুই সহপাঠী শাহজালাল ও আরমানকে টেনে-হিঁচড়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে মারধর করে। এসময় বাধা দিলে সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেনকেও তারা লাঞ্ছিত করে।

ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বহিরাগতদের ওপর হামলা চালায়। এতে সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, গণিত শিক্ষক জহিরুল ইসলামসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য শাহজাহান খান বাবুল বলেন, “কোনো শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো উচিত ছিল। এভাবে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের মারধর করা কাম্য নয়।”

সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, “মঙ্গলবারও বহিরাগতরা একই ছাত্রকে তুলে নিতে এসেছিল। তখন আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছিলাম। অভিযোগ না করে তারা বুধবার আবার হামলা চালায়।”

মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, বহিরাগত পাঁচজনকে থানায় আনা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, যেহেতু এটি মোবাইল কোর্টের আওতায় আসে না, তাই থানাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ