সাংবাদিক এম হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “আমরা আগে একটি পেশিশক্তির কাছে জিম্মি ছিলাম, এখন একাধিক পেশিশক্তির কাছে জিম্মি। এম হাসান সত্য সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটি শুধু তার বিরুদ্ধে নয়, সকল সাংবাদিকের বিরুদ্ধে হুমকি।”
বক্তারা আরও বলেন, “আজ হাসানের নামে মামলা হয়েছে, কাল আমাদের সবার নামেও হতে পারে। যদি ঐক্যবদ্ধ না থাকি তবে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে।”
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফি, যমুনা টিভির রফিকুল ইসলাম খোকন, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, খবরের কাগজের জহির শান্ত, কুমিল্লা নিউজ সম্পাদক জহিরুল হক বাবু, দেশ টিভির সুমন কবির, কালের কণ্ঠের শাহীন আলম, নয়া দিগন্তের ফাহিম, বিজনেস বাংলাদেশের আয়েশা আক্তার, সারা বাংলার রাসেল সোহেল, জিটিভির মাইনউদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট যুবদল নেতা মো. মাহাবুল আলী রাশেদ কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক এম হাসানের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। রাশেদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের ছোট ভাই।
কুমিল্লা গেজেট