মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নদী, খাল ও বিলজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী চায়না দুয়ারি জাল। এতে আটকা পড়ে ধ্বংস হচ্ছে জলজ প্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র্য। একবার এ জালের ভেতরে ঢুকলে আর বের হওয়া সম্ভব হয় না, ফলে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে মাছসহ অন্যান্য প্রাণী।
স্থানীয়রা জানান, এই জালের ফাঁদে শুধু মাছ নয়, কচ্ছপ, ব্যাঙ এমনকি সাপও আটকা পড়ে মারা যাচ্ছে। এলাকার বিভিন্ন জমি, খাল ও বিলে অবাধে জাল পেতে রাখা হয়েছে। এর ফলে দেশীয় মাছ দ্রুত বিলুপ্তির পথে।
সাদকপুর গ্রামের নাজমুল হাসান বলেন, “একসময় বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। এখন আর মাছ নেই। মা মাছগুলো চায়না দুয়ারি জালে ধ্বংস হয়ে যাচ্ছে। শুকনো মৌসুমে বিল ইজারাদাররা বিষটোপ ব্যবহার করে মাছ মেরে ফেলে। এতে বংশবিস্তার বন্ধ হয়ে যাচ্ছে।”
কুসুমপুর গ্রামের শফিক মিয়া বলেন, “খালে এখন আর মাছ নেই। চায়না দুয়ারি জালের দাপটে সব শেষ হয়ে গেছে। দেখলে খুব কষ্ট লাগে।”
একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম হয়তো আর পাবদা, কৈ, শিং বা মাগুর মাছ দেখতে পাবে না। তাই এখনই প্রশাসনের শক্ত পদক্ষেপ জরুরি।”
এলাকার সচেতন মহল মনে করছে, প্রশাসনের নীরবতার কারণে অসাধু মাছ শিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
কুমিল্লা গেজেট