কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশের তারিখ : 9-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঝিনুক (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ঝিনুক ওই এলাকার মো. শিপন মিয়ার মেয়ে। সে স্থানীয় মহালক্ষীপাড়া শরীফ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঝিনুকের মা তাকে ও ছোট বোনকে বাড়িতে রেখে উপজেলা সদরে বাবার বাড়ি যান। বিকেলে ফিরে ছোট মেয়ের কাছ থেকে জানতে পারেন ঝিনুক শোবার ঘরে ঘুমাচ্ছে। ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় ঝিনুক গলায় কাপড় পেঁচিয়ে ঝুলছে। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ডি এম এ মজিদ জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ