মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, স্থানীয় মসজিদের খুতবায় ইমাম মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর কিছু মুসল্লি এলাকায় সচেতনতা তৈরির উদ্যোগ নেন। এর জের ধরে সন্ধ্যায় ব্যবসায়ী সৈয়দ মফিজুল ইসলামসহ পাঁচজনের ওপর প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী হিসেবে একই গ্রামের রোমান, সুমন, সৌরভসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ পাল্টা অভিযোগ এনেছে যে, বরং তাদেরই কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়েছে এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, “উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
কুমিল্লা গেজেট