নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নারী শিক্ষার্থীদের বোরকা পরা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী রাশেদা আক্তার।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের নারী শিক্ষার্থীদের একটি পোস্টে মন্তব্য করেন— “এমন জোব্বা (বোরকা) গায়ে লাগিয়ে এরা ভিক্টোরিয়ায় পড়তে যায়! শুধু একটা বিদেশী লেবার পাত্রের জন্য। থুতু দেই ওদের।”
তার এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানান।
কলেজের শিক্ষার্থী ওয়ালিদা মুসাররাত লিখেন— “আমরা বোরকা পরি বলে আমাদের কি পড়াশোনার অধিকার নাই? দেশের সংখ্যাগরিষ্ঠ মেয়েরা তো পর্দা করেই চলেন। আর বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের অপমান করার মানে হলো দেশের অর্থনীতিকে অপমান করা।”
মিজানুর রহমান নামে একজন মন্তব্য করেন— “কতটা নিকৃষ্ট মানসিকতার অধিকারী হলে এমন নারীবিদ্বেষী কথা বলা সম্ভব? ছি!”
সুমাইয়া আক্তার লিখেন— “এই মহিলা কে? জোরালোভাবে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে এ ধরনের মন্তব্য বাড়তেই থাকবে।”
ইসমাইল হোসেন বলেন— “রেমিটেন্স ও পর্দার ব্যাপারে কটূক্তি করার জন্য তাকে জবাবদিহি করতে হবে। বর্তমান সময়ে এসেও এমন স্পর্ধা মেনে নেওয়া যায় না।”
তীব্র সমালোচনার পর রাশেদা আক্তার তার ফেসবুক আইডিতে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন— “যারা তর্জনী উঁচিয়ে হুংকার দিচ্ছেন, খেয়াল রাখবেন বাকি চারটে আঙুল আপনার দিকেই তাক করা।”
উল্লেখ্য, রাশেদা আক্তার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেনের স্ত্রী। স্বামী-স্ত্রী দু’জনই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। ৫ আগস্টের পর থেকে তারা সপরিবারে পলাতক রয়েছেন।
কুমিল্লা গেজেট