কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মোঃ কামাল হোসেন (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কামাল হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি ধারালো ছুরি, ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে সমন্বিতভাবে অংশগ্রহণ করেন।
এদিকে সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের উৎপাত বৃদ্ধি পেয়েছিল। সেনাবাহিনীর এ উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের মাধ্যমে এ ধরনের অপরাধ দমন অব্যাহত থাকবে।
কুমিল্লা গেজেট