কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নজরুল হলের তিন শিক্ষার্থীর হল সিট বাতিল করেছে কতৃপক্ষ। হলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) কলেজের নজরুল হলের তত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মাদ সিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রোববার (১৭ আগস্ট) হল কতৃপক্ষ এক অফিসিয়াল আদেশের চিঠিতে ওই তিনি শিক্ষার্থীদের সিট বাতিল করে।
হল সীট স্থায়ীভাবে বাতিল হওয়ার শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ২০৬ নম্বর কক্ষের আফসার উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ২৩৮ নম্বর কক্ষের মো. সায়মুন রিয়াদ এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ২০৬ নম্বর কক্ষের মো. আব্দুল হাকিম। তারা সবাই ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। অফিস আদেশে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে হলত্যাগের নির্দেশ করা হয়।
হলের একাধিক আবাসিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, ১২ আগস্ট হলের মিল সংক্রান্ত বিষয় নিয়ে সিনিয়র-জুনিয়রদের দ্বন্দ্ব হয়। এ নিয়ে রাতভর হলে থমথমে পরিস্থিতি বিরাজ করে। কয়েকবার দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
নজরুল হলের তত্বাবধায়ক কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মাদ সিপন মিয়া বলেন, হলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের হল সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
কুমিল্লা গেজেট