"তারুণ্য যদি সজাগ রয়, মাদক সেবন আর নয়" এই স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে সাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রধান ফটক থেকে সাইকেল র্যালি শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক ঘুরে নাঙ্গলকোট বাজারের বটতলায় গিয়ে মাদক বিরোধী পথসভায় মিলিত হয়। নাঙ্গলকোট উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিভাগ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিভাগ নাঙ্গলকোট পৌরসভা প্রধান উপদেষ্টা হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ও ক্রীড়া বিভাগ নাঙ্গলকোট পৌরসভা উপদেষ্টা দেলোয়ার হোসেন।
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি মাশরিকুল আলম সুহাদ, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি শাজাহান ওমর, জোড্ডা পূর্ব সভাপতি ইয়াছিন মজুমদার, আদ্রা দক্ষিণ সভাপতি আলমগীর হোসেন, আদ্রা উত্তর সভাপতি যুবায়ের হোসেন জনি, মক্রবপুর ইউনিয়ন সভাপতি ফয়সাল হোসেন, বটতলী ইউনিয়ন সভাপতি শাহজালাল মানিক, বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি তোফায়েল আহমেদ অপু প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। যুব সমাজকে বাঁচাতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এজন্য পারিবারিক ও সামাজিক সচেতনতা খুবই জরুরি। আজকের যুব সমাজ যেন মাদকের ছোবল থেকে মুক্ত থাকে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট