কুমিল্লা | বঙ্গাব্দ
ডেঙ্গু সচেতনতায় ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য বিভাগের মাইকিং
ডেঙ্গু সচেতনতায় ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য বিভাগের মাইকিং
0:00
0:00

ডেঙ্গু সচেতনতায় ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য বিভাগের মাইকিং

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মাইকিং শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়কে এ কার্যক্রম চলতে দেখা যায়। 

স্বাস্থ্য বিভাগের প্রচারণায় বলা হচ্ছে, বাড়ি এবং এর আশপাশের জায়গা, ফুলের টব, প্লাস্টিক ও মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার এবং ফ্রিজের ট্রের মতো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই এডিস মশার বিস্তার রোধে কোথাও পানি জমতে না দেওয়া এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। 

স্বাস্থ্য বিভাগের এ প্রচারণায় আরও বলা হচ্ছে বাড়িঘরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ নয়, ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণও জরুরি। 

এ ছাড়া জ্বরে আক্রান্ত হওয়ার দ্বিতীয় দিনেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং পর্যাপ্ত বিশ্রামে থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশা যেন বংশবিস্তার করতে না পারে, সে জন্য বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর হলে অবহেলা না করে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই ডেঙ্গুর ঝুঁকি কমতে সহায়ক হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ