কুমিল্লা | বঙ্গাব্দ

প্রতারক ছেলের বিচার চাইতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন বিধবা মা

  • প্রকাশের তারিখ : 18-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

তৌহিদ হোসেন সরকার।।
“নারীর ছেঁড়া ধন আমার সে আজ টাউট, বাটপার, প্রতারক—আমি লজ্জিত। প্রশাসনের নিকট দায়মুক্তি চাই, আমি আমার সন্তানের বিচার চাই।”—এমন হৃদয়বিদারক আহ্বান জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ষাটোর্ধ্ব বিধবা মা মোমেনা বেগম।

সোমবার (১৮ আগস্ট) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব পেন্নাই গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে মোমেনা বেগম জানান, তার ছেলে ওমর ফারুক (৩৬) দীর্ঘদিন ধরে প্রতারণা, মাদকসেবন ও মাদক বিক্রিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে গ্রামের বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু কাউকেই পাঠায়নি। প্রতারণার মাধ্যমে আত্মীয়-স্বজন, এমনকি নিজের শ্বশুরবাড়ি থেকেও প্রায় ১৬ লাখ টাকা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ছেলের প্রতারণার কারণে গ্রামের মানুষ এখন তার কাছেই টাকা চাইছে। এতে তিনি সামাজিকভাবে হেয় ও অপমানিত হচ্ছেন। একপর্যায়ে গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে ওমর ফারুক তাকে নগদ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় মাকে খুন করে লাশ গুম করার হুমকিও দেয় সে।

মোমেনা বেগম অভিযোগ করেন, তার ছেলে বিভিন্ন জায়গায় বিয়ে করে টাকা হাতিয়ে নিচ্ছে, অভিনব কায়দায় প্রতারণা করছে, এমনকি চুরি-ডাকাতি ও অসামাজিক কর্মকাণ্ডেও জড়িত। মায়ের ব্যথিত কণ্ঠে তিনি বলেন, “সত্য এটাই যে, সে একজন প্রতারক এবং সমাজের জন্য হুমকি।”

তিনি জানান, এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে প্রশাসন ও সরকারের প্রতি তার আকুল আবেদন—ওমর ফারুকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তিনি ও তার পরিবার নিরাপদে থাকতে পারেন এবং সমাজ তার অপকর্ম থেকে মুক্তি পায়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ