তৌফিকুল ইসলাম, তিতাস।।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের পুনর্বিন্যাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা এবং ইউনিয়ন কমিটি গঠন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিতাস উপজেলা এনসিপির সভাপতি ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ সরকার।
সংবাদ সম্মেলনে সাঈদ আহমেদ সরকার বলেন, “তিতাস ও হোমনা উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রক্ষার স্বার্থে কুমিল্লা-২ আসনকে নির্বাচন কমিশনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা জরুরি।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন বলেও ঘোষণা দেন।
তিনি আরও বলেন, তিতাস ও হোমনাকে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এনসিপি কাজ করছে। সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় তিনি জানান, শীঘ্রই তিতাস উপজেলার প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা শেষে ইউনিয়ন কমিটি গঠন করা হবে।
সাংবাদিকদের মাধ্যমে তিনি তিতাস ও হোমনার জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে যুক্ত হয়ে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে এগিয়ে আসুন।”
কুমিল্লা গেজেট