মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়েই চলছে। এরই মধ্যে চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ নাগাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে দক্ষিণ নাগাইশ গ্রামের প্রবাসফেরত সিমুলের বসতঘর থেকে দুইটি মোবাইল চুরি হয়। একই দিন বিকেলে চুরি হওয়া মোবাইল বিক্রি করতে গিয়ে উপজেলার ধানদৌল গ্রামের রৌশনের ছেলে বাদশা নামে এক যুবককে আটক করে জনতা। গণধোলাইয়ের একপর্যায়ে সে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসানের নাম প্রকাশ করে।
পরে দুজনকেই আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দেওয়া হয়। এ সময় তারা চুরির কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
ভুক্তভোগী সিমুল জানান, বৃহস্পতিবার সকালে ধানদৌল এলাকায় অটোরিকশায় গেলে চুরির অভিযোগে কিছু লোক তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “চুরির ঘটনাটি আমাদের জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কুমিল্লা গেজেট