কুমিল্লা | বঙ্গাব্দ

এনজিও ঋণের চাপ ও অভাবে বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা

  • প্রকাশের তারিখ : 13-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে অভাব, এনজিও ঋণের কিস্তির চাপ ও দীর্ঘদিনের অসুস্থতার জেরে বিষপানে আত্মহত্যা করেছেন মা ও মেয়ে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহতরা হলেন—নমিতা রাণি পাল (৪২) ও তার মেয়ে তন্বী রাণি পাল (১৮)।

স্থানীয় সূত্র জানায়, মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রাণির তিন মেয়ে ছিল। বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে তন্বী অবিবাহিত ও পড়াশোনা করছিল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নমিতা, যিনি স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন। তবে গত দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না। ফলে পরিবারের আয় বন্ধ হয়ে যায় ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কষ্টকর হয়ে ওঠে। এর পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তারা।

বুধবার সকালে মা-মেয়ে একসঙ্গে বিষপান করলে প্রতিবেশীরা দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ প্রধান জানান, “খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, অভাব, ঋণ ও অসুস্থতার কারণেই আত্মহত্যা করেছেন মা-মেয়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ