মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ—এই চার ইউনিয়নের দীর্ঘদিনের দাবি ছিল ময়নামতিকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়ন। সোমবার বিকেলে সেই দাবির পথে এক ধাপ এগিয়ে গেল এলাকা। নতুন সাবরেজিস্টার অফিস স্থাপনের গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো এ সেবার।
প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন নিমসার জুনাব আলী কলেজের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় গেজেটের কপি হস্তান্তর করেন। তিনি বলেন, “গোমতী নদীর কারণে এই অঞ্চলের মানুষ প্রশাসনিক সেবায় নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। জমি বিক্রি বা রেজিস্ট্রেশনের জন্য দূরে যেতে হয়। সাবরেজিস্টার অফিস প্রতিষ্ঠা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজ পূরণ হলো। ময়নামতিকে উপজেলা করার দাবিও শিগগিরই বাস্তবায়িত হবে।”
তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন হলে কুমিল্লা ও দেশের মানুষ খেয়ে-পড়ে বাঁচতে পারবে, বিদেশে রপ্তানি বাড়বে এবং বৈদেশিক মুদ্রা আয় হবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার মামুনের স্ত্রী নিতা ইয়াসমিন। প্রধান মেহমান ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার এডভাইজার দিদারুল আলম দিদার।
সভাপতিত্ব করেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ মুনতাকিম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোঃ মবিন খান।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবু মুছা, মোঃ জিল্লুর রহমান, অধ্যক্ষ হুমায়ুন কবির, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া মজুমদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট