কুমিল্লা | বঙ্গাব্দ

ময়নামতি সাহেবের বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

  • প্রকাশের তারিখ : 11-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
পিরানহা—একটি রাক্ষুসে মাছ, যা পরিবেশ ও দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি। ২০০৮ সাল থেকেই বাংলাদেশে এর চাষ, উৎপাদন, পোনা বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ। তবুও কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজারে প্রতিদিন প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই মাছ, ক্রেতাদের কাছে “সামুদ্রিক রূপচাঁদা” পরিচয়ে।

সরেজমিন দেখা যায়, বাজারের কয়েকজন অসাধু মাছ ব্যবসায়ী রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও পাঙ্গাসের পাশাপাশি বড় সাইজের পিরানহা ২৫০ টাকা এবং মাঝারি সাইজ ২১০ টাকা কেজি দরে বিক্রি করছেন। বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন এখানে ৩-৪ মনের বেশি পিরানহা বিক্রি হয়। ক্রেতারা সামুদ্রিক মাছ ভেবে কিনলেও বাস্তবে তারা প্রতারিত হচ্ছেন।

এক বিক্রেতা জানান, স্থানীয় পুকুর ও পাশের কংশনগর বাজার থেকে পিরানহা এনে বিক্রি করা হয়। এমনকি ময়নামতি এলাকার কয়েকটি পুকুরে বছরের পর বছর ধরে এর চাষ চলছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, পিরানহা দেশীয় মাছের বংশবৃদ্ধি কমিয়ে দেয়, রোগ ছড়ায় এবং মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ।

বিষয়টি জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “এটি নিষিদ্ধ মাছ। আমরা অচিরেই অভিযান পরিচালনা করব।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ