উপহার ৫ লক্ষ ২৮ হাজার টাকা ও ফুলে সজ্জিত গাড়ি
মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে ৩৩ বছরের ইমামতি শেষে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ৯টায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলে সজ্জিত গাড়ি, ৫ লক্ষ ২৮ হাজার টাকা এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ফুল মিয়া সরকারসহ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৭০ বছর বয়সি ইমাম হাফেজ মাওলানা আবু নছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯২ সাল থেকে টানা ৩৩ বছর মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এ ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করে।
সংবর্ধনায় বক্তারা ইমামের সামাজিক অবদান, দিকনির্দেশনা ও ইসলামী খেদমতের প্রশংসা করেন। আবেগঘন বিদায় মুহূর্তে ইমাম আবু নছর বলেন, “জীবনের বড় একটি অংশ এই মসজিদ ও গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন।”
অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে ইমামকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এসময় গ্রামের নারী-পুরুষের ভিড়, মোটরসাইকেলের বহর এবং সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিদায় জানানোর দৃশ্য এলাকায় এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে।
কুমিল্লা গেজেট