সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট।।
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে প্রকাশ্যে শতাধিক যুবক অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। শুক্রবার দুপুরে দেশীয় ধারালো অস্ত্র হাতে রাস্তায় বের হওয়া এসব সন্ত্রাসীর তাণ্ডবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অস্ত্রের মহড়ার এক পর্যায়ে তারা মাহিনী বাজারে দাসনাইপাড়া গ্রামের কামাল হোসেনের সিএনজি অটোরিকশা ও শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাসে এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর চালায়। এতে এক যাত্রী আহত হন।
পরে সন্ত্রাসীরা কুকুরীখিল গ্রামে গিয়ে মোহাম্মদ রিপন, খোকন মিয়া, আব্দুল হান্নান, ইমাম হোসেন, মোহাম্মদ মোস্তফা ও আবুল হাশেমের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার নেতৃত্বে ছিলেন মাহিনী ছগরিপাড়া গ্রামের ইলিয়াস, একই গ্রামের আরিফ হোসেন এবং রায়কোট গ্রামের মেজবাহ উদ্দিন। তারা জানান, বাধা দিতে গেলে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার হুমকি দেয়।
অটোরিকশা চালক কামাল হোসেন বলেন, “যাত্রী নিয়ে মাহিনী বাজার পার হওয়ার সময় অস্ত্রধারীরা আমার পথ আটকায় ও গাড়িতে কোপায়। এতে এক যাত্রী আহত হয়।”
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা গেজেট