কুমিল্লা | বঙ্গাব্দ
মুক্তিপণ না পেয়ে কুমিল্লার যুবককে কক্সবাজারে নিয়ে হত্যা
মুক্তিপণ না পেয়ে কুমিল্লার যুবককে কক্সবাজারে নিয়ে হত্যা
0:00
0:00

মুক্তিপণ না পেয়ে কুমিল্লার যুবককে কক্সবাজারে নিয়ে হত্যা

ছবির ক্যাপশন:

মুক্তিপণ না পেয়ে কুমিল্লার এক যুবককে অপহরণের পর কক্সবাজারে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সজিব হোসেন (৩২)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের কামাল হোসেন ও জাহানারা বেগম দম্পতির ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান সজিব। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার একদিন পর অপহরণকারীরা সজিবের বাবা কামাল হোসেনের মোবাইলে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবারের পক্ষে টাকা দিতে না পারায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কক্সবাজারের উখিয়া এলাকায় ফেলে রেখে যায়।

পরবর্তীতে উখিয়া থানা পুলিশ ইনানী সৈকত এলাকা থেকে সজিবের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহতের বাবা। মুক্তিপণ চাওয়া মোবাইল নাম্বার ট্যাগ  করে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, “সজিব হোসেন কয়েকদিন আগে নিখোঁজ হন। পরে মুক্তিপণ চাওয়া হলেও টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার সদর হাসপাতাল থেকে মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ