নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। বুধবার সকালে বক্সগঞ্জ বাজারের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।
গত ৩ আগস্ট দুপুরে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে দক্ষিণ আলিয়ারা গ্রামের নিজবাড়ির সামনে থেকে আলাউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে চলন্ত গাড়িতে মাথায় গুলি করে হত্যা করা হয়। পরে ঢালুয়া-নাঙ্গলকোট সড়কের চাঁন্দাইশ কবরস্থানের পাশে তার লাশ ফেলে দেওয়া হয়।
হত্যার ঘটনায় নিহতের ছেলে জোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা করেছেন। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের কন্যা তাবসসুম আক্তার অহি, ছেলে জোবায়ের হোসেন রাজিম, বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, মানবাধিকার কর্মী ইলিয়াস পালোয়ানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার শেষে ফাঁসির দাবি জানান। পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে অবিলম্বে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের আল্টিমেটাম দেন।
পুলিশ জানায়, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ, আলাউদ্দিন মেম্বার ও স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা শেখ ফরিদ ও সালেহ আহাম্মদ মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিরোধ চলছিল। গত জুনে গরু নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট হয় এবং ৯টি মামলা দায়ের হয়। এর জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা গেজেট