কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে মসজিদের ভেতরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত: হামলাকারীর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 5-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ব্যবসায়ী সায়মন রেজার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কুমিল্লা-বাগড়া সড়কে এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ছবি পাড়ার একতা কল্যাণ সামাজিক সংগঠন ইউনাইটেড ইউথ এবং সাধারণ মানুষ অংশ নেন। প্রায় ৮ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত হামলাকারী সুমনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সায়মনের মামা ইঞ্জিনিয়ার হোসেন, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা, শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহাজাহান সারোয়ার, শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম হাফেজ আবু হানিফ লিকসন, বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. মিজানুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, শিল্পপতি আনিছুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুড়িচং উপজেলা যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা, ব্যবসায়ী মোমেন খান, আহসান জুবায়ের নান্নু, ছাত্রদল নেতা আশিক খান, সাদ্দাম হোসাইন খান, এবি পার্টির নেতা জাকির হোসেন ভূঁইয়া, এবং জুয়েল খানসহ অনেকে।

উল্লেখ, গত শনিবার (২ আগস্ট) শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদে এশার নামাজের সময় মো. সায়মন রেজা (২৮) নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের শিকার হন। এতে তার কিডনি ছিদ্র হয়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

আহত সায়মন শংকুচাইল দক্ষিণপাড়ার বাসিন্দা ও সাবেক সেনাসদস্য আলী হায়দারের ছেলে। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর স্বত্বাধিকারী।

অভিযুক্ত হামলাকারী সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ছাত্তারের ছেলে। জানা যায়, দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, সুমন এলাকায় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

বক্তারা বলেন, “সায়মন একজন নামাজি, নিরীহ ও সফল ব্যবসায়ী। মসজিদের ভেতরে এমন জঘন্য হামলা শুধু সায়মন নয়, পুরো সমাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। এখনো হামলাকারী ধরা না পড়ায় আমরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।”

তারা আরও বলেন, “২৪ ঘণ্টার মধ্যে সুমনকে গ্রেপ্তার করা না হলে আমরা বাধ্য হব ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করতে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ