সাফায়েত উল্লাহ মিয়াজী।।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গরুবাজার, উপজেলা পরিষদ এলাকা এবং খিলা সিএনজি স্ট্যান্ড প্রদক্ষিণ করে নাঙ্গলকোট সরকারি কলেজের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি জনস্রোতে রূপ নেয়। এতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
গণমিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌর আমির হারুনুর রশিদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির এস. এম. মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, পৌর সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা মো. ইয়াসিন মজুমদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মিয়াজী এবং সাবেক উপজেলা আমির আবদুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলন দেশে ন্যায়বিচার, অধিকার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করেছে।”
সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, “জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। ইসলামপন্থীদের বিরুদ্ধে দমন-পীড়ন চলছে। কিন্তু কোনো চাপেই জামায়াতের কর্মীরা আন্দোলনের ময়দান ছেড়ে যাবে না।”
কুমিল্লা গেজেট