নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে চাঞ্চল্যকর ঘটনায় জানাজা থেকে ফেরার পথে অপহরণ করে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫৫) কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও চেয়ারম্যান মরহুম সুরুজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ওইদিন দুপুরে চাচাতো ভাই আবুল বাশারের জানাজা শেষে বাড়ি ফেরার পথে আলাউদ্দিনকে অপহরণ করে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী। সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে তাকে চলন্ত গাড়িতেই কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যার পর উপজেলার মৌকরা ইউনিয়নের চাঁন্দাইশ এলাকায় ফেলে যায়।
আলাউদ্দিনের ভাগিনা আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদসহ কয়েকজন সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অপহরণের খবর পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করলে চাঁন্দাইশ মাদরাসা এলাকায় সন্ত্রাসীরা লাশ ফেলে পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে এসে সিএনজি, দুটি মোটরসাইকেল ও দুজনকে আটক করে।
আনোয়ার হোসেন আরও জানান, সেনাবাহিনীর সামনেই সন্ত্রাসীরা লাঠি দিয়ে আঘাত করে হত্যার দৃশ্য উপস্থাপন করে পালানোর চেষ্টা করে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের মাথায় আঘাত ও গুলির চিহ্ন পাওয়া গেছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে হত্যাকাণ্ডের পর আলিয়ারা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা গেজেট