মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বিজয়পাড়া গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, বিজয়পাড়ার মৃত আব্দুল মজিদ খানের ছেলে সৌদি প্রবাসী মোঃ শহীদুল্লাহর বসতঘরে গত ২৮ জুলাই (সোমবার) রাতে দুর্বৃত্তরা চুরি করে। ঘটনার সময় প্রবাসীর স্ত্রী ও সন্তানরা পারিবারিক ভ্রমণে বাইরে ছিলেন, ফলে পুরো ঘরটি ফাঁকা ছিল।
রাতের অন্ধকারে চোরেরা ঘরের দরজার তালার আংটা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর সোকেস ও আলমারির মালামাল এলোমেলো করে দামী কাপড়, একটি আয়না ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
চুরির সময় ঘরে কেউ না থাকলেও পাশের কক্ষে প্রবাসীর মা ও ছোট ভাই সাইফুল্লাহ খান ছিলেন। তবে তারা কেউ কোনো কিছু টের পাননি। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা চুরির আলামত দেখতে পান এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
সৌদি প্রবাসীর বড় ভাই জাকারিয়া খান বলেন, “আমার ছোট ভাই শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। তার স্ত্রী-সন্তান, মা ও ছোট ভাই ছাড়া বাড়িতে আর কেউ থাকেন না। চোরেরা ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে।”
ঘটনার পরদিন (২৯ জুলাই, মঙ্গলবার) বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চুরির বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
কুমিল্লা গেজেট